প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজ পালনের স্বপ্ন দেখতেন নরসিংদীর বেলাব উপজেলার তরুণ সজিব তালুকদার। এবার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ৬টি দেশের মাধ্যমে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি।
সজিব তালুকদার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। ভ্রমণের প্রতি ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল। ইতিমধ্যে তিনি সাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরে দেখেছেন। পাশাপাশি ১৭টি দেশেও ভ্রমণ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভ্রমণের বিভিন্ন ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি ট্রাভেল ব্লগার হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেলাব উপজেলার নিজ বাড়ি থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সজিব। পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। রাতের বেলা নরসিংদী জেলা শহরে অবস্থান করে পরদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
সজিবের পরিকল্পনা অনুযায়ী, তিনি ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন। সব মিলিয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সজিব তালুকদার বলেন, ‘ছোটবেলার স্বপ্ন পূরণ করতেই পরিবারের সহযোগিতায় সাইকেলে করে পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশে রওনা দিয়েছি। ইতিমধ্যে তিনটি দেশের ভিসা পেয়েছি। অন্য দেশগুলোর ভিসার জন্য দূতাবাসে ই-মেইল করা হয়েছে।
আশা করছি, যাত্রাপথেই সেগুলো পেয়ে যাব।’
তিনি জানান, দীর্ঘ এই যাত্রার প্রস্তুতি হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে ভ্রমণ করেছেন। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সাইকেলটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ পথে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য সঙ্গে তাঁবু, খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সজিব বলেন, ‘এলাকাবাসী, বন্ধু ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া উৎসাহই আমার সবচেয়ে বড় শক্তি। এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা ও দেশের সুনাম তুলে ধরতে চাই। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জ্বালানিমুক্ত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরতে চাই।’
সজিবের বন্ধু রাজন বলেন, ছোটবেলা থেকেই সজিবের ভ্রমণের প্রতি আগ্রহ ছিল। দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছেন তিনি। এবার পবিত্র হজের উদ্দেশ্যে তার এই যাত্রা সফল হোক—এটাই তাদের প্রত্যাশা।
স্থানীয় বাসিন্দা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘সজিব আল্লাহর সন্তুষ্টির আশায় পবিত্র হজ পালনের নিয়ত করে সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার এই ইচ্ছা পূরণ হোক, আমরা দোয়া করি।’
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার বলেন, ‘ছেলের ভ্রমণের আগ্রহ দেখে কখনো তাকে নিরুৎসাহিত করিনি। সে দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছে। এবার তার এই সিদ্ধান্ত ও মহৎ ইচ্ছাকে আমি স্বাগত জানিয়েছি। সে যেন নিরাপদে পথ পাড়ি দিয়ে হজ পালন করে আবার আমাদের কাছে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, ‘সজিবের এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তির এটি একটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন