প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০০৬ সালে ময়মনসিংহ নগরের বাতিলকল মোড় এলাকায় ভাড়া বাড়িতে প্রতিষ্ঠা করা হয় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েল মিডিয়া কলেজ। কলেজটি প্রতিষ্ঠার সময় ময়মনসিংহ নগরে উচ্চ মাধ্যমিক কলেজের সংকট থাকায় দ্রুত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে।
স্থানীয়দের মতে, প্রতিষ্ঠার ২০ বছর পর কলেজটিতে যেন শনির দশা লেগেছে। শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বছর এইচএসসিতে ৮৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র দুইজন। পাসের হার ৭৪ শতাংশ। ফল মূল্যায়নে কলেজটির অবস্থান ১৩ নম্বরে। অথচ এর আগে ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় কখনো ১০ এর নিচে নামেনি প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছিল, সেবার পাসের হার ছিল ৯৮ দশমিক ২ শতাংশ।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, নারী কেলেংকারি এবং ক্ষমতার দাপটের কারণে কলেজটি অবনতির দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষকদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে, যা সবসময় পরস্পরবিরোধী অবস্থানে থাকে। এসব খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটি আগের মতো শিক্ষার্থী পায় না।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, এক সময় কলেজটিতে প্রতিবছর দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হলেও গত বর্ষে ভর্তি হয়েছে মাত্র ৩৪৭ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক জানান, শুরুর দিকে কলেজে অনেক শিক্ষার্থী ভর্তি হতো। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন ও অন্যান্য ফি কলেজের তহবিলে জমা হতো। প্রতিবছর শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়াসহ সব খরচ মেটানোর পর তহবিলে অনেক টাকা জমা থাকত। এক সময় তহবিলের মোটা অংকের টাকা জমা হয়, যার মাধ্যমে নগরের পাটগুদাম এলাকায় জমি কিনে নিজস্ব ভবন নির্মাণ করা হয়।
মূলত কলেজের তহবিলে মোটা অংকের টাকা জমা হওয়ায় অনেকের নজর পড়ে ওই টাকার ওপর। কয়েকজন শিক্ষক নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়ান। কিছু শিক্ষক এসবের বিরুদ্ধে দাঁড়ালে দুই পক্ষ গড়ে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকের দাবি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্নেহাশীষ চন্দ্র দে কয়েক বছর আগে কলেজের একজন নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী বিষয়টি নিয়ে কয়েকজন শিক্ষকের কাছে অভিযোগ করেন। একপর্যায়ে চাপের মুখে অধ্যক্ষ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন অধ্যক্ষের ছোট ভাই শুভাশীষ দে।
এদিকে, কিছু দিনের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগ ওঠে। একই সঙ্গে কলেজের সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর বিরুদ্ধে অন্তত চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
গত ২০ জুলাই কলেজের ১২ জন শিক্ষকের স্বাক্ষরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ দে ও সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয় কলেজের সভাপতি ও ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে। অভিযোগে দুজনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করা হয়।
এছাড়া ইমরুল হাসানের বিরুদ্ধে কলেজের তহবিলের অন্তত চার কোটি টাকার দুর্নীতি ও পর্নোগ্রাফির অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর কলেজের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান শুভাশীষ দে ও ইমরুল সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
শিক্ষকদের একাংশের অভিযোগ, সাময়িক বরখাস্তের পর শুভাশীষ দে এবং ইমরুল হাসান নিয়মিত কলেজে আসছেন। হাজিরা খাতায় স্বাক্ষর করার পর তারা দীর্ঘ সময় কলেজে অবস্থান করেন।
অভিযোগকারী শিক্ষকদের একজন বলেন, শুভাশীষ দে, ইমরুল হাসানসহ কয়েকজন শিক্ষকের কারণে বর্তমানে কলেজের শিক্ষার মান নিচে নেমে গেছে। সুনির্দিষ্ট অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হলেও নিয়মের দোহাই দিয়ে তারা নিজেদের প্রভাব বজায় রাখতে দীর্ঘ সময় ধরে কলেজে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করার দাবি জানাই।
সাময়িক বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ দের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি। ইমরুল হাসান সিদ্দিকী বলেন, নিয়ম বহির্ভূতভাবে আমাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব।
রয়েল মিডিয়া কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারেন। তবে স্বাক্ষরের বাইরে অন্য কোনো দায়িত্ব পালন করতে পারেন না। এখানেও তাই হচ্ছে।
প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের সার্বিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন