প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বিষয়টি স্বীকার করেছেন। তিনি ঘরের মাঠের সুবিধা আরও ভালোভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ৮২ রানের ইনিংসের মাধ্যমে স্বাগতিকরা সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ৮ উইকেটের জয় নিয়ে সিরিজটি ১-০ ব্যবধানে জয়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শান্ত জানিয়েছেন, বাংলাদেশের খেলার পরিকল্পনা ছিল স্পিন সহায়ক উইকেটে খেলার। তবে বিশেষ করে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায়নি।
ম্যাচ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই টেস্টের দিকে তাকালে দেখা যাবে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। এখনো মনে করি, পরিকল্পনাটি সঠিক ছিল। কিন্তু আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘সিলেটে আমরা প্রত্যাশিত কন্ডিশন পাইনি। এ ক্ষেত্রে পরিকল্পনায় হয়তো কিছুটা ঘাটতি ছিল।’
বাংলাদেশের প্রত্যাশা ছিল, বল অনেক আগে থেকেই ঘুরতে শুরু করবে। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল।
শান্ত স্বীকার করেছেন যে স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করতে পারেননি। তবে তিনি মনে করেন, দীর্ঘদিন ধরে তাঁদের অবদানের কথা বিবেচনায় নিয়ে দ্রুত আস্থা হারানো উচিত নয়।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে কিংবা দেশের বাইওে টেস্ট ম্যাচ জিততে বাংলাদেশ সব সময়ই স্পিনারদের ওপর নির্ভর করেছে। তাই এত দ্রুত তাদের ওপর থেকে আস্থা হারানো উচিত নয়। গত ১০-১২ বছর ধরে তারা অবদান রেখে আসছে। তাদের সমর্থন পাওয়া উচিত। দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে, তবে আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’
শান্ত মনে করেন, এই সিরিজে বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি।
তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং বিষয়টি মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এই সংস্করণে আমরা যেভাবে খেলছি, সেই বিবেচনায় আমার মনে হয়, নিজেদের স্বাভাবিক খেলার ৫০ শতাংশও দেখাতে পারিনি। আরও ভালো পরিকল্পনা কওে সেটা বাস্তবায়ন করতে পারলে ফল ভিন্ন হতে পারত।’
সিরিজে ব্যর্থ হলেও ওপেনার তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরনকে সমর্থন করেছেন শান্ত। তাঁর মতে, তরুণ এই ব্যাটারের স্বাভাবিক খেলার ধরন বদলানো উচিত নয়। ‘তানজিদ সব সময় এভাবেই খেলে এসেছে এবং সফলও হয়েছে। আমি কখনোই তাকে নিজের স্বভাবের বিপরীতে খেলতে বলব না। তবে ব্যাটিংয়ে তাকে আরও একটু গোছানো হতে হবে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস, সে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’
ক্যারিয়ারের তৃতীয় টেস্টে তাওহিদ হৃদয়ের অসাধারণ পারফরম্যান্সে বিশেষভাবে সন্তুষ্ট অধিনায়ক। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হৃদয়।
শান্ত বলেন, ‘ড্রেসিংরুমে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। মাত্র তৃতীয় টেস্টেই এত বড় ইনিংস খেলা এবং নিচের সারির ব্যাটারদের সঙ্গে যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। কখনো কখনো অভিজ্ঞ ক্রিকেটাররাও এমনটা করতে হিমশিম খায়।’
তিনি আরও বলেন, ‘মিডল অর্ডারে এমন একজনকে খুঁজছিলাম, যে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারবে। সে এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে।’
বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলে শান্ত স্বীকার করেছেন। ‘প্রস্তুতির জন্য আসলে আমাদের হাতে খুব বেশি সুযোগ নেই। হয়তো এক-দুই দিন অনুশীলন করতে পারব। তাই যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ আফ্রিকা ভালো দল। তবে আমাদের বোলিং ইউনিট সেরা পারফরম্যান্স করতে পারলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারব বলে বিশ্বাস করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন