প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, "গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না।" তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই সফল হবে না। তিনি অভিযোগ করেন, পলাতক খুনি হাসিনা আওয়ামী লীগের জনশক্তিকে চাঙা রাখার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছেন।
নূরুল ইসলাম বুলবুল এমপি সরকারের উদ্দেশ্যে বলেন, "গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই বন্ধ করতে হবে।" তিনি সতর্ক করে দেন, জনগণ এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা মেনে নেবে না। তিনি আরও বলেন, যদি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য রাজপথে নামবে।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন