প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একটি তুচ্ছ খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিরীহ অটোচালকের প্রাণহানির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু ঘটে।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি লাশের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে লাশ থানায় নিয়ে আসেন।
শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন