রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৫ পি.এম
হুতিদের হামলার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা চাহিদা পূরণে সহায়তার উপায় নিয়ে আঙ্কারা আলোচনা করছে।
তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান উল্লেখ করেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে।
সৌদি আরবের বিরুদ্ধে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা কোনো ধরনের হামলা বা উসকানিমূলক কর্মকাণ্ডকে সমর্থন করেন না। তুরস্ক সৌদি আরবের ওপর হামলাকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ ও সংঘাতের অংশ হিসেবেও দেখতে চায় না। ফিদান জানান, সৌদি আরবের কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে সামরিক প্রয়োজন থাকতে পারে এবং এসব প্রয়োজন পূরণে তুরস্কের কোনো আপত্তি নেই।
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তুরস্ক সৌদি আরবের পাশে রয়েছে। ফিদান আরও জানান, মক্কা জোটের সদস্য হিসেবে তুরস্ক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ চলছে, তবে সেগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদ্রিদ ডার্বি মানে উত্তেজনা, আবেগ এবং মর্যাদার লড়াই। তবে আজকের ম্যাচে বাড়তি আকর্ষণ হিসেবে দুই দলের ডাগআউটে দেখা যাবে পরিচিত দুই মুখ, দিয়েগো সিমিওনে ও জোসে মরিনহো।
১২ বছর পর আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই কোচ। সর্বশেষ ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তাদের দেখা হয়েছিল। তখন মরিনহো ছিলেন চেলসির কোচ এবং সিমিওনে আতলেতিকো মাদ্রিদের।
আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মেত্রোপলিতানোতে লা লিগায় মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৫, অপরদিকে আতলেতিকোর পয়েন্ট ১৩। আজকের লড়াইয়ে জয় পেলে আতলেতিকো রিয়ালের ওপরে উঠে আসবে।
মরিনহোর অধীনে রিয়ালের নতুন মৌসুম ভালো কাটছে। তবে সাত ম্যাচে ছয় জয় পেলেও, শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর প্রবণতা তাকে ভাবাচ্ছে। এলচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পরও সেটিই ছিল তার বড় উদ্বেগ।
মাদ্রিদ ডার্বি নিয়ে মরিনহো মন্তব্য করেছেন, ‘ডার্বি মানেই ইতিহাস, ফুটবল সংস্কৃতি এবং সমর্থক, খেলোয়াড় ও কোচদের আবেগ।’
আতলেতিকোও জয়ের ধারায় ফিরে এসেছে। রিয়াল সোসিয়েদাদকে ৩-০ এবং ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সিমিওনের দল।
চোটের কারণে শেষ দুই ম্যাচে না থাকা হুলিয়ান আলভারেজ দলে ফিরেছেন। তবে তাকে শুরু থেকে খেলানো হবে কি না, সেটি নিশ্চিত নয়।
রিয়ালের বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। সাত ম্যাচে আট গোল করেছেন এই ফরাসি তারকা। অন্যদিকে আতলেতিকোর আক্রমণে নজর থাকবে আলভারেজ ও জোনাথন ডেভিডের দিকে।
গত মৌসুমে এই মাঠে আতলেতিকো ৫-২ গোলে রিয়ালকে উড়িয়ে দিয়েছিল। মরিনহোর দল আজ সেই হারের প্রতিশোধ নিতে চাইবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ রাষ্ট্রপতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎ রবিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া উদ্যোগ এবং সেগুলোর মাধ্যমে আনা পরিবর্তনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের উদ্যোগ, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও আইসিটি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার জন্য ইতোমধ্যে গৃহিত উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত তেল ও গ্যাসের সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের জন্য ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশ ও ইতালির সংসদগুলোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধি দল বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে আসলে স্পিকার এসব কথা বলেন।
সাক্ষাতে স্পিকার বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে ইতালির স্বীকৃতির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয়।" সময়ের সঙ্গে এই সম্পর্ক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের তৈরি পণ্যের অন্যতম বৃহত্তম বাজার। তৈরি পোশাক ছাড়াও ইতালিতে বাংলাদেশি বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশি অভিবাসীদের জন্য ইতালি দীর্ঘকাল ধরে সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, "রোহিঙ্গাদের পুনর্বাসনে ইতালি প্রতিবছর বাংলাদেশকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিয়ে আসছে।" তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, "সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।" সংসদীয় গণতন্ত্রের বিকাশের ফলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ইতালির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে স্পিকার বলেন, "ইতালির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও মেশিনারি বাংলাদেশের বাজারে রয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও কৌশলগত পর্যায়ে বিস্তৃত হবে।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, "বাংলাদেশ ইতালির পুরনো বন্ধু।" তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালির সরকারের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতিকে আরও জোরদার করতে ইতালির আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত আরও বলেন, "বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিক পণ্য প্রতিবছর বিপুল পরিমাণে ইতালিতে রপ্তানি হচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে এই রপ্তানি আরও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসিডেন্ট উপকূলীয় এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
প্রেসিডেন্ট উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্টগার্ডকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে সরকার বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এ সময় দেশের সমুদ্র সীমায় অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্টগার্ডকে সজাগ থাকার আহ্বান জানান।
সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
কোস্টগার্ডের মহাপরিচালক তার দায়িত্ব পালনে প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাকে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ