প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতার ঘটনা শূন্যের কোটায় নেমে এলেও চলতি বছরে আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চারটি দস্যুতার অভিযোগ পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। তবে, বন্দর ও কোস্টগার্ড দুটি ঘটনাকে সামান্য চুরি হিসেবে চিহ্নিত করেছে। বাকি দুটি ঘটনার সত্যতা নিয়েও তাদের মধ্যে সন্দেহ রয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এ ধরনের চুরি বা দস্যুতা নিয়ন্ত্রণ করা না গেলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।
চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী মাদার ভ্যাসেলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী নদীর মোহনা থেকে আলফা, ব্রেভো ও চার্লি অ্যাংকরেজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ড। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের বহির্নোঙরে চারটি মাদার ভ্যাসেলে দুর্বৃত্তদের হামলা ও মালামাল লুটের অভিযোগ রেকর্ড করেছে এশিয়াভিত্তিক সমুদ্রে দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপ।
তবে এর আগে পাঁচ মাস ধরে এ অঞ্চলকে দস্যুতামুক্ত বলে উল্লেখ করা হয়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, বাংলাদেশ কোস্টগার্ড ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
দুস্কৃতিকারীদের কবলে পড়া জাহাজগুলো সরাসরি রিক্যাপের কাছে অভিযোগ জানালেও পরে ঘটনাগুলোর অনুসন্ধানে কোস্টগার্ড নামে। এর মধ্যে একটি জাহাজ ঘটনার চার দিন পর, বাংলাদেশের জলসীমা পার হওয়ার পর রিক্যাপের কাছে অভিযোগ জানায়। অন্য একটি জাহাজ অভিযোগ করে ঘটনার অন্তত সাত ঘণ্টা পর। এ দুটি ঘটনার সত্যতা নিয়ে কোস্টগার্ড সন্দেহ প্রকাশ করেছে।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মিনহাজ আলম বলেন, একটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমা পার হওয়ার চার দিন পর অভিযোগ করেছে। এ কারণে ঘটনাটি আদৌ ঘটেছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাহাজ কর্তৃপক্ষও কোনো প্রমাণ দিতে পারেনি।
রিক্যাপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ মে বহির্নোঙরে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ সিএনসি নেপচুনে ঢুকে প্রায় তিন হাজার লিটার বিভিন্ন ধরনের রং নিয়ে পালিয়ে যায় চোরের দল। ১০ আগস্ট সিঙ্গাপুরের পতাকাবাহী হাফনা রাবেন নামের আরেকটি জাহাজ থেকেও মালামাল চুরির অভিযোগ উঠেছে। এছাড়া গত ২৯ অক্টোবর চার্লি অ্যাংকরেজে স্ক্র্যাপ জাহাজ হাই-জু থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ধীরগতিতে চলা স্ক্র্যাপ জাহাজগুলোই চোরদের বেশি লক্ষ্যবস্তু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, এ ধরনের ঘটনা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। টহল বাড়ালেই পরিস্থিতি সামাল দেয়া যাবে। নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়াতে হবে।
এদিকে, আমদানি পণ্য নিয়ে আসা জাহাজগুলোর নিজস্ব ব্যবস্থাপনার কারণে দস্যুতা প্রতিরোধে সমস্যা সৃষ্টি হচ্ছে কোস্টগার্ডের। বিশেষ করে, মাদার ভ্যাসেলগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর থেকে বের হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা-এআইএস বন্ধ রাখে। ফলে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করা এবং সে অনুযায়ী নিরাপত্তা প্রদান করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ কোস্টগার্ডের।
তবে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দস্যুতা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনীটি। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মিনহাজ আলম জানিয়েছেন, বিভিন্ন উদ্দেশ্যে অনেক নৌযান বহির্নোঙর, অন্যান্য অ্যাংকরেজ ও ডিপ সি এলাকায় চলাচল করে। এসব নৌযানের মধ্যে কিছু নৌযান দস্যুতার সঙ্গে জড়িত। এরইমধ্যে সেগুলোর কয়েকটি শনাক্ত করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।
২০২৫ সালেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চারটি দস্যুতার ঘটনা রিপোর্ট করেছিল রিক্যাপ। বন্দরের ৬৪ নটিক্যাল মাইল জলসীমায় কয়েকশ পণ্যবাহী মাদার ভ্যাসেলের পাশাপাশি থাকে প্রায় এক হাজার লাইটারেজ জাহাজ। এর সঙ্গে চলাচল করে আরও কয়েক হাজার ধরনের নৌযান। এত বিপুলসংখ্যক নৌযানের মধ্যে দুর্বৃত্তদের ব্যবহৃত নৌযান শনাক্ত করা কোস্টগার্ডের জন্য কঠিন হয়ে পড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন