প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার উত্তরা সহ বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত একটি দল চীনা নাগরিক ক্যামেরা হাতে ঘুরে ভিডিও ধারণ করতেন। তারা দীর্ঘ সময় ধরে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া এবং আশপাশের এলাকায় ভিডিও ধারণ করে আসছিলেন। সড়ক, বাড়িঘর ও বিভিন্ন স্থানের দৃশ্য তারা ক্যামেরাবন্দী করতেন। মাঝে মাঝে তারা মানুষের বাড়ির ভেতরেও ঢুকে ভিডিও করতেন। তাদের ভিডিও করার পদ্ধতি দেখে মনে হতো, তারা সাংবাদিক; ঘটনাস্থল থেকে লাইভে গিয়ে পরিস্থিতি তুলে ধরছেন। তবে গত ৭ নভেম্বর থেকে তাদের ভিডিও করতে দেখা যাচ্ছে না।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে অলিগলিতে ভিডিও ধারণ করছিলেন। কিন্তু ভিডিওগুলো কোথায় প্রকাশিত হচ্ছে এবং ভিডিওতে কী বলা হচ্ছে, এসব বিষয়ে স্থানীয়রা কিছুই জানেন না।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকায় চীনা নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে তাদের এলাকায় এসব বিদেশি নাগরিকের উপস্থিতি চোখে পড়ছে না।
উত্তরায় চীনা নাগরিকদের ভিডিও ধারণ ও মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর পুলিশি নজরদারি জোরদার করা হয়।
উত্তর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে। বিদেশি নাগরিকদের চলাফেরা পর্যবেক্ষণের পাশাপাশি তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। তারা পর্যটক ভিসায় এসে কী ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে, রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের বিষয়টি ভারতের নজরে এসেছে। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’
তিনি আরো বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
টেকপাড়া এলাকার এক বাসিন্দা জানান, দুই দিন ধরে অসুস্থতার কারণে বাসায় আছি। চীনা নাগরিকদের আসতে দেখিনি। আগে দিনের মধ্যে কতজন চীনা ছেলে-মেয়ে এসে ভিডিও করত, তার হিসাব ছিল না।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চীনা নাগরিকদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেন। এ সময় তাদের ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে কেন এ ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাদের দেশে ফিরে যেতে বলা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ওপর নজরদারি করছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন