প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার ভুল স্বীকার করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। তারা দলটির বাইরে থেকে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে অতীতের ভুলত্রুটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লালপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা নিজেদের অতীত রাজনৈতিক অবস্থানের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে গিয়ে ভিন্ন প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারা। তারা স্বীকার করেন যে, এর মাধ্যমে দলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে অসংগতিপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ওই অবস্থানের কারণে দলের নেতাকর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। তবে তারা দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যের গুরুত্ব উপলব্ধি করেছেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপির আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে পুনরায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চান তারা।
এ জন্য নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি অতীতের ভুলত্রুটি বিবেচনায় নিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার আবেদন জানান। তারা বলেন, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাতকে শক্তিশালী করা এবং দলকে আরো গতিশীল করতে ভূমিকা রাখা।
নেতাকর্মীরা আরো জানান, দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নিয়ে দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী তারা। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলা, সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জনগণের কল্যাণে কাজ করাকে নিজেদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের অতীতের ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিএনপির রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ ও সহযোগিতা কামনা করেন তারা।
লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী সংবাদ সম্মেলনে দলের বাইরে থাকা নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য দেন। এ সময় লালপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সিজদার আলীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন