প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : আশুলিয়ার একটি জুতার কারখানায় শ্রম আন্দোলনের নামে মো. সেলিম নামক এক শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ হামলার ঘটনা ঘটে গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে, যখন ট্রেন্ট শুজ লিমিটেডের (ফরচুন জিপার) জুনিয়র অপারেটর সেলিমের ওপর হামলা চালানো হয়।
আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঘটনার খবর পাওয়ার পর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ নির্দেশে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেলিমকে দেখতে যান। তিনি মন্ত্রীর পক্ষ থেকে আহত শ্রমিকের চিকিৎসার জন্য তার পরিবারকে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় মন্ত্রী ভার্চ্যুয়ালি সেলিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে আহত শ্রমিকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয় এবং সার্বিক বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রাখা হয়।
শ্রম সচিব বলেন, "আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা বা শ্রমিকের ওপর হামলা মেনে নেওয়া হবে না।" তিনি জানান, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার আহত শ্রমিকের চিকিৎসা ও তার পরিবারের পাশে সর্বাত্মকভাবে রয়েছে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আহত সেলিম মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন