প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় সংসদে মন্তব্য করেছেন যে তিনি ‘দুবার আহত হয়েছেন’। তিনি রোববার জাতীয় সংসদের অধিবেশনে এই কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করেন।
সংসদে বক্তব্য রাখার সময় নুসরাত তাবাসসুম জ্যোতি উল্লেখ করেন, গত ১২ নভেম্বর রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী আগুন দেয়। এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "প্রথমবার যখন দেখেছি আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার যখন দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন—এতে আমি আসলে দুবার আহত হয়েছি।"
ঘটনার বিবরণ দিতে গিয়ে সংসদের এই সর্বকনিষ্ঠ সদস্য বলেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরণের মতো করে পুরো বাড়িতে আগুন জ্বলে উঠেছে এবং ভেতর থেকে নারী ও শিশুরা বের হয়ে আসছে। তিনি আরও বলেন, "এমনকি অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ছেন।" তিনি উল্লেখ করেন, তখনও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল। এমন চাক্ষুষ প্রমাণ থাকার পরও বাড়িটিকে পরিত্যক্ত এবং ঘটনাটিকে শর্টসার্কিট হিসেবে উপস্থাপন করায় তিনি বিস্মিত ও মর্মাহত।
নুসরাত তাবাসসুম জ্যোতি আশঙ্কা প্রকাশ করেন যে, তদন্ত চলাকালীন দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি যখন তদন্ত চলাকালীন কোনো একটি রেজাল্ট বলে ফেলেন, তখন অধস্তনরা কর্তাব্যক্তিকে খুশি করার জন্য সে অনুযায়ী রিপোর্ট তৈরির একটি সম্ভাবনা থেকেই যায়। এতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।"
তিনি সংসদে অভিযোগ করেন যে, হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করে দায় স্বীকার করছে এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, একই কায়দায় গোপালগঞ্জেও বিএনপি, ছাত্রদল ও যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।
বক্তব্যের শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি নিজের, পরিবারের এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল অগ্রসেনানীর নিরাপত্তা দাবি করে স্পিকারের মাধ্যমে সংসদের কাছে প্রশ্ন রাখেন, "আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার আমি কবে এবং কীভাবে পাব?"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন