প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটনি স্পিয়ার্সের জীবন কাহিনী নিয়ে একটি সিনেমা নির্মাণের খবর ইতোমধ্যে শোনা গেছে। তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, পপ কুইন ব্রিটনির চরিত্রে অভিনয় করবেন কে? বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল পিকচার্স যখন ব্রিটনির স্মৃতিকথা ‘দ্য ওম্যান ইন মি’-এর স্বত্ব অর্জন করে, তখন থেকেই হলিউডে কাস্টিং নিয়ে উত্তেজনা তুঙ্গে। যদিও বেশ কয়েকজন তারকার নাম আলোচনায় রয়েছে, কিন্তু কাউকে কেন্দ্র করে বিতর্ক থামছে না।
বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। তাঁর পরিচিতি, অভিনয়ের বৈচিত্র্য এবং পপ তারকার ভাবমূর্তির কারণে নির্মাতারা তাঁকে প্রাথমিক পছন্দ হিসেবে বিবেচনা করছেন। তবে, ভক্তদের মধ্যে অনেকের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক নয়। অনেকেই প্রশ্ন তুলছেন—স্টেজে ব্রিটনির নাচ ও পারফরম্যান্স তুলে ধরার মতো দক্ষতা সিডনির আছে কি না।
অন্যদিকে, ‘স্ট্রেনঞ্জার থিংস’ খ্যাত অভিনেত্রী মিলি ববি ব্রাউন দীর্ঘদিন ধরেই এই চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু স্পিয়ার্স যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান, তখন ব্রাউন খানিকটা পিছু হটেন। তবে, চূড়ান্ত তালিকায় এখনও তাঁর শক্ত অবস্থান রয়েছে।
টিকটক থেকে সংগীতে খ্যাতি অর্জন করা অ্যাডিসন রে এই দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন। ব্রিটনির মতো লুইজিয়ানার বাসিন্দা হওয়া এবং নাচ ও গানে পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে অনেকের পছন্দ তিনিই। তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী বেইলি ম্যাডিসন এবং টিকটকে ব্রিটনির নাচ অনুকরণ করে পরিচিতি পাওয়া ইথাকা কলেজের শিক্ষার্থী কাইলি শুল্টজ।
ছবিটির জন্য ক্যামেরার পেছনের দল ইতোমধ্যেই গঠন করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন জন এম. চু এবং প্রযোজনা করবেন মার্ক প্ল্যাট। অন্যদিকে, এর চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন লিজ মেরিওয়েদার। নির্মাতারা জানিয়েছেন, সংবাদমাধ্যম ও মিডিয়ার তীব্র মনোযোগের মধ্যে স্পিয়ার্সের লড়াইয়ের গল্প তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য।
শুরুর দিকে ছবিটি নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও বর্তমানে প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। জানা গেছে, বায়োপিকটি তৈরিতে ব্রিটনি স্পিয়ার্সের নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে নির্মাতারা যাকেই নির্বাচন করুন না কেন, শেষ পর্যন্ত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের নিজস্ব অনুমোদন পাওয়াটাই কাস্টিংয়ের প্রধান শর্ত হয়ে দাঁড়াবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন